DiscoverByPiko

দূরালাপ ৬

তোমার দিকে ভালো করে
তাকাইনি কোনোদিন।

ইচ্ছে যে হতো না, তা নয়,
ইচ্ছে হতো ভীষণ,
অনেকক্ষণ তাকিয়ে থাকি,
শুধু তোমার চোখের দিকে,
নিঃশব্দে, নির্ভয়ে,
অনেকক্ষণ।

কিন্তু সাহস হতো না।

মাঝে মাঝে হঠাৎ করে
চোখে চোখ পড়ে যেত আমাদের,
কয়েকটি ক্ষণ মাত্র।
আর সেই কয়েকটি ক্ষণেই
আমি কেমন যেন থমকে যেতাম,
হতভম্ব, নির্বাক,
নিজের কাছেই অচেনা হয়ে
চোখ নামিয়ে নিতাম।

তোমাকে ওইটুকুই দেখা।

তাও কতবারই বা?
তুমি এদিকে থাকলে
আমি যেন অন্যদিকে মরে যেতাম।
তোমার কাছাকাছি এসেও
কী অদ্ভুত দূরত্বে
দাঁড়িয়ে থাকতাম আমি।

তোমার সঙ্গে
আমার দেখাই বা হতো কই?

অথচ কত ইচ্ছে ছিল...

একবার তোমার দিকে তাকাই,
একটু কাছে দাঁড়াই,
তোমার সঙ্গে দুটো কথা বলি,
তোমার কণ্ঠে নিজের নামটা শুনি।

কিন্তু কিছু কিছু ইচ্ছে
ইচ্ছেই থেকে যায়।

কিছু মানুষকে
খুব কাছে থেকে পাওয়ার সাধ থাকে,
অথচ কাছে যাওয়ার অধিকার থাকে না।

তাই তোমাকে ভালো করে
তাকিয়ে দেখাও হলো না,
কথা বলাও হলো না।

শুধু দূর থেকে
তোমাকে দেখে যাওয়ার
এই অসম্ভব ইচ্ছেটুকু ছিল,

বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো।